অনন্ত অসীম


অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তুমিই অন্তর্যামী।

দূরলোক-ভূলোক সবারে ছাড়িয়া,
তোমারি চরণে পড়ি গো লুটাইয়া।
তোমারি সকাশে যাচি  হে শকতি,
তোমারি করুণাকামী।

অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তুমিই অন্তর্যামী।

সরল সঠিক পুণ্য পথ,
মোদের দাও গো বলি,
চালাও সে পথে যে পথে তোমার 
প্রিয়জন গেছে চলি।

যে পথে তোমার চির অভিশাপ, 
যে পথে শান্তি, চির-পরিতাপ,
হে মহাচালক, মোদের কখনও 
করো না সে পথগামী।

অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী।
যত গুণগান হে চির মহান
তুমিই অন্তর্যামী,
তুমিই অন্তর্যামী,
তুমিই অন্তর্যামী।